সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকা থেকে হযরত আলী (৪২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।
ধরে নেওয়ার সময় তাঁকে বেধড়ক পেটানো হয়। সোমবার (১৫ জুন) ভোর ৪টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের লাউবাড়ী কান্দা সীমান্তে এ ঘটনা ঘটে। হয়রত আলী উপজেলার লাউবাড়ী কান্দা গ্রামের লোকমানের ছেলে।
সীমান্ত সূত্রে জানা যায়, রাতে বাংলাদেশি একদল গরু ব্যবসায়ী ১০৬১ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে গয়টাপাড়া বিওপি ক্যাম্পের অধিনস্থ লাউবাড়ী কান্দা সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে ভারত থেকে গরু আনতে যায়।
এ সময় ভারতের ঝালচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে হযরতকে ধরে টেনেহিঁচড়ে নিয়ে যান।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম আজাদ জানান, আটক বাংলাদেশীকে ভারতের নিকটস্থ থানায় সোপর্দ করেছে বলে জানিয়েছে বিএসএফ।
