জাফর আহমেদ কুড়িগ্রাম, জেলা সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপির আয়োজনে ঘোষপাড়ার দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
র্যালিতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মহিলা দল, থানা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে শহরের প্রধান সড়ক মুখর হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) জনাব আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব জনাব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম বেবু ও জনাব হাসিবুর রহমান হাসিব। সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোস্তাফিজার রহমান মোস্তফা।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা দেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়েছে।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তাই জনগণের মৌলিক অধিকার ও প্রত্যাশাকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের আরও দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলের অতীতের গৌরব স্মরণের দিন নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক দায়িত্ব নতুন করে গ্রহণেরও দিন। মানুষের পাশে দাঁড়ানো, জনদুর্ভোগের কথা তুলে ধরা এবং জনগণের ন্যায়সংগত দাবিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা দলের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান লক্ষ্য।
র্যালি ও সমাবেশ শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও কল্যাণ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
