কুড়িগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীতে হিমেলের নেতৃত্বে নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি ও মিছিল

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে অংশ নেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় দলের নেতারা বক্তব্য দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নয়ন আহমেদ তারা, সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল এবং ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল এহসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নেতারা বলেন, দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানান তাঁরা।

Share Button