রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে আম গাছ থেকে পড়ে মাসুম মিয়া (১২) নামের এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার পান্ডুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম মিয়া ছোট বেলা থেকে উপজেলার পান্ডুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের নানা বাচ্চু মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করত। রবিবার সকাল ১১টার দিকে আম পাড়তে গাছে উঠলে ডাল ভেঙে সে মাটিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মাসুম আপুয়ার খাতা নেছারীয়া আলিম মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও রাজারহাট উপজেলার ফরকেরহাট ইউনিয়নের বটতলি গ্রামের আল আমিনের পুত্র।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
