খাদ্য বরাদ্দ চেয়ে কর্মহীনদের তালিকাসহ স্মারকলিপি দিয়েছে গণকমিট’র রায়গঞ্জ শাখা

স্টাফ রিপোর্টারঃ

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণে সারা বিশ্ব আজ স্থবির। চারদিকে শুধু মৃত্যুর মিছিল। ভয়াবহ এই পরিস্থিতির শিকার বাংলাদেশও। ফলে লকডাউন হয়েছে দেশ ও দেশের বিভিন্ন উপজেলা। এমন ভয়াবহতা শুরু হয়েছে কউড়িগ্রাম জেলাতেও। ইতোমধ্যে জেলার কয়েকটি উপজেলায় করোনা রোগী সনাক্তও হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে কুড়িগ্রাম জেলাকেও। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমজীবী মানুষ। আর তাই কর্মহীন হয়ে পড়া এসকল শ্রমজীবী মানুষের তালিকা করে তাদের খাদ্য সহায়তার দাবি জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে রেল, নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি’র নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন শাখা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির রায়গঞ্জ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

এ সময় তারা জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ও সন্তোষপুর ইউনিয়নের প্রায় দুই হাজার ৮শ’কর্মহীন পরিবার প্রধানের নামের তালিকা কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন।

খাদ্যের দাবিতে যাতে নাগেশ্বরী উপজেলার কর্মহীন মানুষদের রাস্তায় নামতে না হয় সেজন্য গণকমিটি প্রাথমিকভাবে এই দুটি ইউনিয়নে খাদ্য সহায়তা বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।

এ সময় গণকমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ রায়, রায়গঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল মিলু এবং প্রচার সম্পাদক আশরাফুল হক উপস্থিত ছিলেন।

Share Button