বিনোদন ডেস্কঃ
করোনাভাইরাসের কারণে নেত্রকোনার নিজের ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিয়েছেন জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মানুষের সেবা ও রোগীদের আইসোলেশনে রাখতেই তিনি এই কাজ করেছেন বলে জানান। বাড়ি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি নিজেই।
ন্যান্সি বলেন, নেত্রকোনায় আমার একটি ডুপ্লেক্স বাড়ি আছে। বাড়িটি করোনা রোগী কিংবা যোদ্ধাদের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে সেহেতু বাড়িটি জনস্বার্থে ছেড়ে দিলাম। এতে করে যদি কারও উপকারে আসে তাহলে সেটিই হবে আমার জন্য একটি বড় পাওয়া।
বাড়িটি কিভাবে কাজে লাগবে এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলামের সঙ্গে কথা হয়েছে আমার। তিনি কিভাবে বাড়িটি কাজে লাগাবেন তা আমাদের জানাবেন। আমরা বলেছি, ওই বাড়িটি করোনাযোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগাতে পারেন। আবার অনেকের আইসোলেশনে জায়গা হচ্ছে না; সেক্ষেত্রে বাড়িটি কাজে লাগাতে পারেন। এছাড়া চাইলে করোনা ভাইরাসের সংবাদ সংগ্রহে সাংবাদিকরা এখানে থাকতে পারবেন।
এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলাম বলেন, সংগীতশিল্পী ন্যান্সি তার বাড়িটি ব্যবহারের কথা জানিয়েছেন। প্রয়োজন হলে আমরা তা কাজে লাগাবো।
নয়াখবর/হাসান/এস
