রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের কাউনিয়ায় খানাসামা হাটে কারেন্ট জাল বিক্রির অপরাধে এক জাল বিক্রেতাকে অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোছা. উলফৎ আরা বেগম এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফারুক হাসান জানান, খানসামা হাটে সাব হাট ইজারাদারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা কারেন্ট জাল বিক্রি করছে। সোমবার সন্ধ্যায় এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। এ সময় একহাজার ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়।
আটক কারেন্ট জাল ব্যবসায়ী শাহার আলী অপরাধ শিকার করলে তাকে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়। ঘটনাস্থলে জরিমানার টাকা পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। পরে উদ্ধারকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
ইউএনও মোছা. উলফৎ আরা বেগম জানান, মৎস্য অধিদফতর আইনে কারেন্ট জাল বিক্রির দায়ে অপরাধীকে জরিমানা করা হয়েছে।
