মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বান্দরবানের ১ হাজার ৫শত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান ইউনিট। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি) ও গ্রামীণফোনের আর্থিক সহযোগিতায় তিন দিনব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
৮ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জেলার সদর ও আলীকদম উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এসব সহায়তা বিতরণ করা হচ্ছে।
এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় ১ হাজার ৩৬০ পরিবার এবং আলীকদম উপজেলায় ১৪০ পরিবার সহায়তা পাচ্ছে।
প্রতিটি পরিবারের জন্য দেওয়া হচ্ছে ফুড পার্সেলের মধ্যে ৭ দশমিক ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৫০০ গ্রাম সুজি। পাশাপাশি নন-ফুড আইটেম হিসেবে রয়েছে ১টি মাদুর, ১টি ত্রিপল, ১টি মশারি ও ১টি ডিগনিটি কিট।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ,
কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী,পার্বত্য জেলা পরিষদের সদস্য নিরুরাজ বেগম, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, রেড ক্রিসেন্টের
সদস্য মোহাম্মদ ইসহাক’সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
আয়োজকরা জানায়, সাম্প্রতিক অতিবৃষ্টিতে সৃষ্ট দুর্যোগের পরপরই বান্দরবান ইউনিটের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম ও ইউনিটের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ওপর একটি জরিপ পরিচালনা করা হয়। ওই জরিপের ভিত্তিতেই এবারের ত্রাণ সহায়তা কার্যক্রম নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। যেকোনো দুর্যোগে বান্দরবান ইউনিট সাধ্যমতো দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমে পার্বত্য জেলা পরিষদও নিয়মিতভাবে সার্বিক সহযোগিতা করে আসছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিট লেভেল অফিসার আসাদুল হায়দার চৌধুরী (পমি)। এ ছাড়া জেলার প্রশিক্ষিত যুব সদস্যরা ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।
