মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সাংবাদিকদের যাতায়াত, ইন্টারনেট সংযোগসহ নানা সীমাবদ্ধতা রয়েছে।
এসব চ্যালেঞ্জের মধ্যেও স্থানীয় মানুষের জীবনযাপন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাওয়া জনজীবন নিয়ে অনুসন্ধানী ও গভীর প্রতিবেদন তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রধান ড. সুজান ভাইজ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বান্দরবান প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বান্দরবান প্রেসক্লাব।
ড. সুজান ভাইজ বলেন, সাংবাদিকতা পেশায় কাজ করা যেমন কঠিন, তেমনি প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং এ পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করাও আর্থিকভাবে চ্যালেঞ্জিং।
বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকার অনেক সাংবাদিক নিয়মিত বেতন-ভাতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান না।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার সুযোগ রয়েছে।
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই, সাংবাদিকদের নিরাপত্তা, ইংরেজি ভাষা, জলবায়ু পরিবর্তন এবং অনুসন্ধানী সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
ইউনেস্কোর বাংলাদেশ প্রধান আরও বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে শুধু রাজনীতিকেন্দ্রিক সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ ও মানুষের বাস্তব জীবনকে গুরুত্ব দিতে হবে।
বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় মানুষের জীবন-জীবিকা, পরিবেশ ও জনজীবনে যে পরিবর্তন ঘটছে, তা নিয়ে অনুসন্ধানী ও গভীর প্রতিবেদন করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, স্থানীয় মানুষের জীবন ও বাস্তবতার সঙ্গে জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোর যোগসূত্র তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের দৈনন্দিন সমস্যা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ জনজীবনের নানা বিষয় সংবাদে আরও গুরুত্ব পাওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ অফিসের প্রজেক্ট লিড-মিডিয়া অ্যান্ড ইলেকশনস (BALLOT Project) শাকিল এম ফয়সাল, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এনএ জাকির,বান্দরবান প্রেসক্লাব সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, সদস্য আবুল বশর ছিদ্দিকী,সদস্য মো.ইসহাক,সদস্য কৌশিক দাশ,সদস্য মোহাম্মদ আলী,সদস্য আলাউদ্দিন আজাদ আলিফ’সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
