এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক। বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস হোসেন, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক সোহেল রানা।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, সাক্ষরতা মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। একজন শিক্ষিত ও সচেতন মানুষ নিজের অধিকার সম্পর্কে যেমন জানতে পারেন, তেমনি সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই নিরক্ষরতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, বাস্তব জীবনে জ্ঞান ও দক্ষতার প্রয়োগ নিশ্চিত করাই আধুনিক সাক্ষরতার মূল লক্ষ্য। এ ক্ষেত্রে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা স্বাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন এবং নিরক্ষরতা দূর করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
