এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দারিদ্র্য বিমোচনে বিনামূল্যে গাভী (বকনা বাছুর) পালন প্রকল্পের আওতায় শিলিখুড়ী ডেভেলপমেন্ট সংস্থা (এসডিএস) এর সুফলভোগীদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)’র অর্থায়নে এসডিএস অফিস কার্যালয়ে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান।
এসডিএস চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল কাদের, উপজেলা প্রেসক্লার সভাপতি এ এস খোকন, আরডিআরএস বাংলাদেশ প্রতিনিধি উত্তম কুমার রায় ।
এসময় উপকারভোগীদের মাঝে ৮টি (বকনা বাছুর) গরু ও প্রত্যেককে ৫টি করে মোট ৯০ টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরে উপকারভোগীদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, বকনা বাছুর পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হবে। এ ধরনের উদ্যোগ তাদের জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গবাদিপশু পালন ও সঠিক পরিচর্যার মাধ্যমে দুধ উৎপাদনসহ বিভিন্নভাবে অর্থনৈতিক সুফল বয়ে আনবে ।
তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণের মাধ্যমে তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
