ভূরুঙ্গামারীতে রাতভর অভিযানে ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার : দুইজনকে জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।
অভিযান সূত্রে জানা যায়, সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মো. বেলাল মিয়া ও মো. মানিক উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে ৪২ বস্তায় ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।
মোবাইল কোর্টে অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে, সে জন্য ভুরুঙ্গামারী থানা পুলিশ সার বিতরণ ব্যবস্থায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।
Share Button