মিজানুর রহমান মিন্টু:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৃহৎ পরিসরে একটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। Younger Life Style Garments নামে এই শিল্প প্রতিষ্ঠানটি নাগেশ্বরী পাথারী মসজিদ থেকে ভূরুঙ্গামারী হাইওয়ে সড়কের পাশে নির্মিত হবে বলে জানা গেছে।
উদ্যোক্তারা জানান, পাঁচতলা বিশিষ্ট এই গার্মেন্টস ভবনে জুতা, শপিং ব্যাগ, লেবেল, পোশাকসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। স্থানীয়ভাবে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা রহিম শেখ জানান, সরকার যদি বড় পরিসরের ঋণ বা বিনিয়োগ সহায়তার ব্যবস্থা করে, তাহলে এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে কাঁচামাল এনে স্থানীয় উদ্যোক্তাদেরও গার্মেন্টস শিল্পে এগিয়ে আসতে উৎসাহিত করা হবে।
তিনি আরও বলেন, “আমার লক্ষ্য শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, বরং নাগেশ্বরীকে একটি শিল্পসমৃদ্ধ অঞ্চলে পরিণত করা। স্থানীয় তরুণরা যাতে নিজ এলাকাতেই কর্মসংস্থানের সুযোগ পায়, সেজন্য কাজ করে যাচ্ছি। ছোট পরিসরে ১০-২০টি মেশিন দিয়েও অনেকেই গার্মেন্টস ব্যবসা শুরু করতে পারবেন।”
এরই মধ্যে নাগেশ্বরী কলেজ মোড়ের সিরাজ শপিং মলে Younger Life Style Megashop Showroom পরিচালিত হচ্ছে। এছাড়া রংপুরের পায়রা চত্বরে তিনতলা বিশিষ্ট নতুন ভবনে Younger Life Style Garments-এর আরেকটি শোরুম খুব শিগগিরই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে নাগেশ্বরীতে নতুন শিল্প বিপ্লবের সূচনা হতে পারে এবং বেকার যুবকদের জন্য তৈরি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ।
