ভূরুঙ্গামারীতে এসএসসি ১৯৮৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এসএসসি ১৯৮৭ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩০ মে) সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়।

মধ্যাহ্ন ভোজের বিরতি শেষে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক এ এম আব্দুল জলিল, এসএসসি ১৯৮৭ ব্যাচের সমন্বয়ক মোশারফ হোসেন কিংকং, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, দলিল লেখক হারুন উর রশিদ বাবুল, দেওনের খামার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দেব, ব্যবসায়ী মাহতাব উদ্দিন।

বক্তারা বলেন, বন্ধুত্বের সম্পর্ককে আরও গভীর ও প্রাণবন্ত করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। পুরোনো বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলন বাঙালি সংস্কৃতির একটি চিরায়ত ঐতিহ্য। আজকের এই আয়োজন শুধু আনন্দের নয়, এটি আগামী দিনের জন্যও একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের অনেকেই দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্কুলজীবনের নানা স্মৃতি, দুষ্টুমি, সাফল্য-ব্যর্থতার গল্প এবং জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন তারা। ফলে পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, ভালোবাসা ও বন্ধুত্বের উষ্ণ আবহ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Share Button