রংপুর মেইল বাস বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ, ভূরুঙ্গামারীতে মানববন্ধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরগামী মেইল বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়মিত বাস চলাচল অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ‘ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের ১ জানুয়ারি দীর্ঘদিন পর ভূরুঙ্গামারী-রংপুর রুটে মেইল বাস সার্ভিস পুনরায় চালু করা হয়। তবে আগামী ১ জুন থেকে সার্ভিসটি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এতে সীমান্তবর্তী এ উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়বেন।

মানববন্ধনে বক্তব্য দেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, উত্তর ধরলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, সোনাহাট ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ বাঁশি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মিজান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি রোকনুজ্জামান ও আল মামুনসহ অনেকে।

উত্তর ধরলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা বলেন, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার মানুষের যাতায়াতের সুবিধার্থে রংপুর মেইল বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। শুরুতে কুড়িগ্রাম মোটর মালিক সমিতির আপত্তি থাকলেও পরে সমঝোতার ভিত্তিতে দৈনিক ১৫টি বাস চলাচলের সিদ্ধান্ত হয়। এর মধ্যে কুড়িগ্রাম থেকে ৯টি এবং ভূরুঙ্গামারী থেকে ৬টি বাস চলাচল করছে। কিন্তু কোনো যৌক্তিক কারণ ছাড়াই আগামী ১ জুন থেকে সার্ভিসটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, তিন দিক থেকে ভারতবেষ্টিত সীমান্ত উপজেলা ভূরুঙ্গামারীর মানুষের জন্য সরাসরি রংপুরগামী বাস সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হওয়া এ সেবাটি আবার বন্ধ হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। তিনি জনগণের স্বার্থে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিষয়টি নিয়ে কুড়িগ্রাম ও রংপুর বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাঁরা সতর্ক করে বলেন, জনগণের দাবি উপেক্ষা করে বাস সার্ভিস বন্ধ করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় উপজেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Share Button