কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার এলাকায় দ্বীনি শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণ মূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে “ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশন সংগঠনটির উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধবার (২৭ মে) আয়োজিত অনুষ্ঠানে এলাকার আলেম-উলামা, সমাজসেবক ও সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত থেকে সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং মানবকল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ফকরুল ইসলাম, মোঃ শাহ আলম ব্যাপারী, মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল রাজ্জাক, সাংবাদিক মনিরুল ইসলাম মিলন, মোঃ আপেল মাহমুদ এবং সাংবাদিক আবু সাঈদ ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আলহাজ্ব মুহাঃ হানিফ উদ্দিন, সাবেক অধ্যক্ষ, গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসা। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজে দ্বীনি শিক্ষা বিস্তার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত শিক্ষা।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। এ ধরনের সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা ফী- সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং ভবিষ্যতেও এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান। তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে মানবসেবা মূলক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
