কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় নতুন নেতৃত্ব

জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

কুড়িগ্রাম জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, শৃঙ্খলা ও গতিশীলতা ফিরিয়ে আনতে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এ কমিটিকে ঘিরে জেলার ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও সংগঠকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আশাবাদ।
নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন অন্নপূর্ণা দেবনাথ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার কৃতি ফুটবলার ও সুপরিচিত ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম বেবু।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদ-এর চেয়ারম্যান মোঃ আমিনুল হক গত ৪ মে এই কমিটির অনুমোদন দেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নতুন নেতৃত্বের।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং ক্রীড়াবিদ নাজমুল হুদা (লাকু)।
নতুন এই কমিটির মাধ্যমে জেলার খেলাধুলায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় নিয়মিত আয়োজন, প্রতিভা অন্বেষণ এবং অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ক্রীড়ামোদীদের মতে, প্রশাসন ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই শক্তিশালী কমিটি কুড়িগ্রামের খেলাধুলাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share Button