জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কুড়িগ্রাম ইউনিটের নেতৃবৃন্দ, যুব সদস্য ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা , কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া এবং মো. রফিকুল হায়দারসহ অন্যান্য সদস্যরা।
লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের মাঝে হাম-রুবেলা রোগের ঝুঁকি, উপসর্গ এবং টিকাদানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে শিশুদের সময়মতো টিকা না দিলে তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে,এ বিষয়টি গুরুত্বসহকারে জানানো হয়।
বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। অন্যদিকে রুবেলা গর্ভবতী নারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে এবং অনাগত শিশুর জটিলতার কারণ হতে পারে। তাই নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচির শেষদিকে আয়োজকেরা বলেন, সরকারের টিকাদান কর্মসূচিকে সফল করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি পেলে হাম-রুবেলা নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।
