কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে অবস্থিত কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ সাদাকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক নাজমুন্নাহার বিউটি, জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ফজলুল হক, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম কাজী এবং উপজেলা মহিলা দলের নেত্রী শাহনাজ সুলতানা। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, জেলার প্রায় সাড়ে চার শতাধিক চরাঞ্চলে এখনো পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। নদীভাঙন, খরা ও বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এসব প্রতিকূলতার মধ্যেও শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Share Button