জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের মূল ভিত্তি। তাদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। তিনি নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনগণের পাশে থাকার আহ্বান জানান।
প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে দলকে গতিশীল রাখতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব বলেন, দলের অভ্যন্তরীণ ঐক্য, শৃঙ্খলা ও সক্রিয়তা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপরও জোর দেন।
চর রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুল হাই সরকার। সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
