কুড়িগ্রাম জেলা পরিষদ মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

কুড়িগ্রাম জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম। এছাড়াও জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ীরা সভায় অংশ নেন।

সভায় ব্যবসায়ীরা মার্কেটের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও দৈনন্দিন কার্যক্রমে প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, ব্যবসায়ীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে জেলা পরিষদ সর্বোচ্চ সহযোগিতা করবে। তিনি ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারীরা ব্যবসাবান্ধব কুড়িগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Share Button