কুড়িগ্রামে পরিচ্ছন্নকর্মীদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

চাকুরী জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবীতে কুড়িগ্রামের ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নকর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে ৯ উপজেলার ইউনিয়ন ভুমি অফিসের পরিচ্ছন্নকর্মীরা অংশ নেয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নকর্মী সংগঠনের সভাপতি বাশারত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পরিচ্ছন্নকর্মী আসমা খাতুন, সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।

বক্তারা বলেন, একজন দিনমজুর দিনে ৩শ’ টাকা মজুরী পেলেও পরিচ্ছন্নকর্মীরা দিনে গড়ে পান মাত্র একশ টাকা। মাসে ৩ হাজার টাকা বেতনে এই পরিবারগুলো মানবেতরভাবে জীবন যাপন করছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটি থাকায় বাইরে কাজ করার বিকল্প কোন সুযোগ থাকে না তাদের। ফলে ডালভাত যোগার করা তাদের জন্য কঠিন হয়ে দাড়িয়েছে। এজন্য বেতন বৃদ্ধি এবং পদটি জাতীয়করণের দাবি জানিয়েছেন পরিচ্ছন্নকর্মীরা।

Share Button