ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খড়িবাড়ি বাজার সংলগ্ন বড়ভিটা ইউনিয়নের পূর্ব নওদাবশ গ্রামের সামছুল হক সরকারের ছেলে ডা. সাদেক আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ফুলবাড়ী থানার এসআই প্রভাত চন্দ্র ও এসআই ইয়াছিন আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য ডাঃ সাদেক আলীর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাঃ সাদেক আলী বাড়ি থেকে পালিয়ে যান। এসময় তার বাড়ির ঘরের ভেতর থেকে ৩৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ২লক্ষ ২৯ হাজার টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।
