নয়া খবর ডেস্ক:
দৈনিক যুগের আলোতে সংবাদ প্রকাশের পর শারিরীক প্রতিবন্ধী আরাফাত রহমান উৎসের পাশে দাঁড়িয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, নারী সমাজের আইডল, মমতাময়ী মমতাজ শিরীন ভরসা। তাঁর দেয়া ভালোবাসাময় হুইল চেয়ার পেয়ে খুশিতে আত্মহারা আরাফাতও। চোখে মুখে ছিলো শুধুই খুশির ঝিলিক।
নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিমনের কুড়িগ্রাম প্রতিনধি ওমর ফারুকের সভাপতিত্বে শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১২টায় নাগেশ্বরী প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যুগের আলোর সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরীন ভরসার দেয়া হুইল চেয়ার আরাফাতকে প্রদান করেন বিজ্ঞাপন ম্যানেজার আব্দুর রহিম। এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোর-এর কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, অফিসের মেশিন ইনচার্জ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক যুগের আলো’র ফুলবাড়ী প্রতিনিধি অলিউর রহমান নয়ন, নাগেশ্বরী প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, সকালের সময় প্রতিনিধি লতিফুর রহমান লিংকন প্রমুখ।
উল্লেখ্য ১৫ জুলাই দৈনিক যুগের আলো’র নাগেশ্বরী প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয় “প্রতিবন্ধী আরাফাতের আকুতি একটি হুইল চেয়ারের” শিরোনামে একটি সংবাদ পত্রিকা অফিসে পাঠালে তা নজরে আসে সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরীন ভরসার। সংবাদ প্রকাশ না হতেই তিনি নিজেই হুইল চেয়ার দেবেন বলে রাতেই প্রতিনিধিকে মোবাইল ফোনে জানান এবং পরদিন ১৬ জুলাই সংবাদটি পত্রিকায় প্রকাশ করেন। কথা অনুযায়ী শুক্রবার (১৪আগস্ট) আরাফাতকে হুইল চেয়ারটি প্রদান করা হয়। আর এতে আনন্দে আত্মহারা হয় আরাফাত। খুশি তার বাবা জাকিরুল ইসলাম এবং মা আছমা বেগম।
