রংপুরের সদর ও মিঠাপুকুর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

মোঃ রাফিউল ইসলাম (রাব্বি, স্টাফ রিপোর্টার, রংপুর:

আজ বুধবার (২৪ শে এপ্রিল) রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে রংপুরের সদর উপজেলা ও মিঠাপুকুর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়াম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের মোট ৫৮টি উপজেলার মধ্যে ৫০টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো। বাকি ৮টি উপজেলার গেজেট আসার পরই তাদের শপথ অনুষ্ঠান হবে বলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সুত্রে জানা গেছে । আজ যাদের শপথ বাক্য পাঠ করানো হলো তারা হলেন রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি ও ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম , মিঠাপুকুর উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ও ভাইস চেয়ারম্যান শ্রী নিরঞ্জন মহন্ত, এবং মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন । রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাজী আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপনসহ বিভাগীয় কর্মকর্তাগণ। শপথ শেষে রংপুর সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান নাসিমা জামান ববি, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কাচারী বাজারের বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করেন।

Share Button