সৈয়দ আছলাম হোসেন’র কবিতা-“পুরস্কার”

পুরস্কার
সৈয়দ আছলাম হোসেন

দেশের রাজা জানিয়ে দিলেন
রাজ্য বাসীর কাছে,
শর্ত বুঝে আসবে যারা
পুরস্কারটা আছে।

প্রথম শর্ত হল যারা
স্ত্রীর কথায় চলেন,
হাসের ছানা পুরস্কার
যদি এসে বলেন।

দ্বিতীয় শর্ত হল যারা
স্বামীর কথার পাগল,
তাদের তরে পুরস্কার
বড় একটা ছাগল।

সকাল হতেই একে একে
নিচ্ছে হাসের ছানা,
ছাগল দেখে নেয়না কেহ
চোখ থাকিতে কানা।

অবশেষে সন্ধ্যা কালে
বড় মন্ত্রী এলেন,
তার কথা স্ত্রী মানেন
ছাগল নিয়ে গেলেন।

রাজা মশাই মনে মনে
খুশি তাকে ঘীরে,
একটু পরেই ছাগল নিয়ে
মন্ত্রী এলেন ফিরে।

এসে বলেন রাজা মশাই
সাদা ছাগল চাই,
কালো ছাগল বউ মানেনা
ফিরে এলাম তাই।

রাতের বেলা মন্ত্রী আবার
রাজার কাছে জানায়,
বউ বলেছে পুরস্কারটা
গরু হলে মানায়।

রাজা বলেন রাজ্য বাসী
স্ত্রীর কথার পাগল,
বড় রানীর কথায় আমি
দিয়ে ছিলাম ছাগল।

মন্ত্রী মশাই অবশেষে
হাসের ছানা নিলেন,
রাজার ভাগের হাসের ছানা
রানীর হাতে দিলেন।

উখিয়া, কক্সবাজার।

Share Button