না মানুষের গল্প
রওশন জান্নাত রুশনী
সেই মানুষটার গল্প বলি
মানুষ কি সে?
অন্য কিছু, আগুনমুখো
স্বপ্ন খেকো
কথায় পোড়ায় ইচ্ছে যতো।
এই যে আমার শিকল পায়ে
ঘুঙুর পরা ছুতো
কাঁকড় বিছান মাটির পরে
পা বাড়ালেই রক্ত ঝরা ক্ষত।
যার আঁচড়ে দেহ মনে
দগদগে ঘা
সেই না মানুষের গল্প বলি।
বীজতলার খুব গহীনে
মাটিচাপা ইচ্ছেগুলোর
ফুল ফুটেনি, হুল ফুটেছে।
বুকের ভুঁইয়ে কষ্ট জমাট
দুঃখগুলো মহীরুহ
নির্যাসে যার বাড়বাড়ন্ত
পরগাছা সেই বিষবৃক্ষের গল্প বলি।
এক রৈখিক চাওয়া পাওয়ায়
অভিনয়ের নিত্য পাঠ
ভালো আছি, ভালোবাসি
এমন ছলে করছি বাস
যে নরকের আগুন ছোঁয়ায়
নিত্য মরি
সেই ঘাতকের গল্প বলি।
অপূর্ণতার ঢালি ভরা
বিসর্জনের নৈবদ্য
সেবাদাসীর সতী পূজোয়
যার খড়গে
শতেক হাজার টুকরো হয়ে
দিন প্রতিদিন হচ্ছি বলি
সেই কসাইয়ের গল্প বলি।
