মিঠাপুকুরে নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোঃ রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী ও আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ এপ্রিল) বৃহস্পতিবার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেয়। উপজেলার শুকুরেরহাটে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর আয়োজনে লালবাগ-ভেন্ডাবাড়ী আঞ্চলিক সড়কে এক কিলোমিটার জায়গা জুড়ে মানববন্ধন কর্মসূচী সকাল ১১ টায় শুরু হয়। টানা এক ঘন্টা ধরে চলা মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন শুকুরেরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মফিজার রহমান, উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোত্তালেব হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মো. মোন্নাফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখ, শুকুরেরহাট বিদ্যামনন একাডেমীর অধ্যক্ষ আবদুল জলিল প্রমুখ। বক্তারা অবিলম্বে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারী অত্র মাদ্রাসার অধ্যক্ষ সহ অন্য আসামীদের ফাঁসির দাবি জানান। মানববন্ধন কর্মসূচীতে শুকুরেরহাট ডিগ্রী কলেজ, শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, আদর্শ পাবলিক স্কুল, বিদ্যামনন শিশু নিকেতন, আলীম মাদ্রাসা, জ্ঞান বিকাশ শিশু নিকেতন, সাইফুর ইংলিশ স্কুল ও কেজি স্কুলের প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশ গ্রহন করেন।

Share Button