রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত।। আহত ৬

অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬জন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতাল ও এপেক্স ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। শুক্রবার দুপুর একটার দিকে কাঠেরপুল-ধানঘরা আঞ্চলিক সড়কের রায়গঞ্জ উপজেলা সদর কবরস্থান এলাকায় ইজিবাইক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,রায়গঞ্জ পৌরবাসষ্ট্যান্ড থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিক যাচ্ছিল। অপরদিকে হাটপাঙ্গাসী থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক ধানঘরায় আসার পথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় যানবাহনের ৭যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতাল ও এপেক্স ক্লিনিকে পাঠানো হয়। রায়গঞ্জ থানার এস আই নাজেম উদ্দিন জানান, এপেক্স ক্লিনিকে ভর্তির পরে সেন্টু নামে এক শ্রমিক মারা যায়। সে নাটোর জেলার সিংড়া উপজেলার মুস্টিগড় গ্রামের মৃত সইফ এর পুত্র। আহতরা হলো একই গ্রামের সুমেন(৩০),আরিফ(২৮) ও সাকোয়াত হোসেন(৩২)। এরা সবাই অটোরিক্সা যোগে সিরাজগঞ্জে যাচ্ছিলো।

Share Button