মো. রাফিউল ইসলাম (রাব্বি)। স্টাফ রিপোর্টার:
নুসরাতকে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুকুমদাতাসহ জড়িতদের ফাঁসির দাবিতে রংপুর নারীমুক্তি কেন্দ্রের অায়োজনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত। গতকাল (১১ এপ্রিল) বৃহস্পতিবার বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার অায়োজনে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে রাফিকে আগুনে পুড়িয়ে মারার প্রতিবাদে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বক্তারা মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়।
জেলা দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: ইয়াসমিন আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র রংপুর জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, সংগঠক শাপলা রায়, অর্চনা রায় প্রমূখ। এ সময় প্রগ্রেসিভ জেনারেশন অব স্টুডেন্টস সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তাদের মধ্যে অন্যতম হল সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ঝর্ণা চৌধুরী, রংপুর বিভাগীয় সংগঠক উমুল খায়ের ফাতেমা, জেলা সংগঠক এম এস রিপন, বিপ্লব রায়, ফরহাদ হোসেন, সাদিয়া জামান। নেতৃবৃন্দ বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। একের পর এক নারী নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ঘটলেও তার বিচার হচ্ছে না। একটি অপরাধ আরেকটি অপরাধকে উস্কে দিচেছ। পিতা মাতার পর শিক্ষার্থীদের সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার শিক্ষা প্রতিষ্ঠান ও তার শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা আজ সেখানেও নিরাপত্তা পাচ্ছেনা। এজন্য ফেনীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিগ্রহের মতো ঘটনা ঘটছে। মাদ্রাসাকে বলা হয় ধর্মীয় মূল্যবোধের আদলে গড়া, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আজ নিরাপদ নয়। যার ফলাফল হিসেবে নুসরাত জাহান রাফি নৃশংস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে দেশবাসীকে কাঁদিয়ে মৃত্যুবরণ করেন। নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িত অধ্যক্ষ সহ তার সহযোগীদের দ্রুতবিচার ট্রাইবুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
