দেশে নতুন করে ৩০৯ জনের দেহে করোনা সনাক্ত।। আক্রান্ত ৫ হাজার ছুঁইছুঁই।। মৃত্যু বেড়ে ১৪০

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছে ৩০৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৯শত ৯৮ জনে। এছাড়া মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৪০ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ নারী ও ৪ জন পুরুষ। তাদের মধ্যে ৭ জনের বয়স ৭০+বছর, এক জনের বয়স ষাটোর্ধ্ব এবং অপরজনের বয়স ৫১-৬০ বছর। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ৩ জন, নারায়ণগঞ্জের ৩ জন ও অন্যান্য জেলার আছে ৩ জন।

অনলাইন ব্রিফিংয়ে তিনি আরও জানান, শুক্রবার কয়েকটি বেসরকারি পিসিআর ল্যাবরেটরি বন্ধ থাকায় সেসব প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হয়নি এবং আইইডিসিআর এর কাছে সেসব পরীক্ষার রিপোর্টও আসেনি। অন্যান্য কেন্দ্রে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৪শত ২২ টি। এরমধ্যে নমুনা পরীক্ষা সম্পন্ন হয় তিন হাজার ৩শত ৩৭ টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ১১৩টি।

এতদিন ২১ টি কেন্দ্রে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হতো। এখন আরও ২টি কেন্দ্র বেড়েছে। শনিবারই নতুন কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা রোজার মাসে মসজিদে নামাজ আদায় করার ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলার ওপর জোর দেন।

নাসিমা সুলতানা সতর্ক করে বলেন, রমজানে স্বাস্থ্যবিধি না মানলে তার ফল হবে ভয়াবহ। এ সময় মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বই পড়া, বাগান করা এবং শারীরিক ব্যায়াম করার পরামর্শ দেন তিনি।

রোজার ইফতারে পানিসহ তরল খাবার বেশি করে গ্রহণেরও পরামর্শ দেন ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান হয় বুলেটিনে।

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার। আক্রান্ত প্রায় ২৮ লাখ। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ৮১ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৫১ হাজার ছাড়িয়েছে। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ এজেন্সি বাড়িতে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে। যুক্তরাজ্যে বিধি নিষেধ না মানায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।

ফ্রান্সে ২৪ ঘন্টায় ৩৮৯, ইতালিতে ৪২০ এবং যুক্তরাজ্যে মারা গেছেন ৭৬৮ জন। ইতালিতে মারা গেছেন অন্তত দেড়শ চিকিৎসক। প্রতিবেশি দেশ ভারতের মৃতের সংখা ৭৮০। আক্রান্ত ২৪ হাজারের বেশি। পাকিস্তানে প্রাণহানি ছাড়িয়েছে আড়াইশো।

Share Button