স্টাফ রিপোর্টারঃ
বৈশাখী জামা না পেয়ে আত্মহত্যা করেছে কুড়িগ্রামের ৮ম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার বৃষ্টি (১৪)। আত্মহত্যাকারী ছাত্রী জেলার উলিপুর মহিলা কলেজিয়েট মহাবিদ্যালয়ের ছাত্রী। বুধবার ১০ এপ্রিল নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
৯ এপ্রিল মঙ্গলবার জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণি বড়াইবাড়ি গ্রামের আবেদ আলীর কন্যা উলিপুর মহিলা কলেজিয়েট মহাবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার বৃষ্টি (১৪) মঙ্গলবার সকালে মা সালমা বেগমের কাছে বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী জামা কিনে চায়। কিন্তু সংসারের অভাব অনটনের কারনে মা তাকে জামা কেনার টাকা দিতে না পারায় ওই ছাত্রী অভিমান করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। পরে দুপুরে তাকে ডাকা ডাকি করা হলে সে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়।
এ সময় স্বজনরা ঘরের দরজা ভেঙ্গে তাকে ধরণার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে বিকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহত আইরিন আক্তার বৃষ্টি চার ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তার পিতা আবেদ আলী ঢাকায় রিক্সা চালান। বৃষ্টির আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফকরুল আলম বলেন, ওই ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক অবস্থায় পরীক্ষা নিরীক্ষায় মনে হয়েছে এটি আত্মহত্যা। অন্য কিছু থাকলে পুলিশ তা তদন্ত করে বের করবেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, ওই ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার ১০ এপ্রিল লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
