নিউজ ডেস্কঃ
মৌসুমী লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও মুষলধারে বৃষ্টি হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুরে ঝড়ে গাছচাপায় মরা গেছে এক কিশোরী।
বৃহস্পতিবার বিকেল ৪টার পরে আকাশ মেঘে ঢেকে যায়। এরপর বজ্রসহ শিলাবৃষ্টি হয়। তবে আধাঘণ্টা পর আকাশ পরিষ্কার হয়ে আসে। রাজধানীতে আধা ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪৩ মিলিমিটার। মিরপুর, কারওয়ানবাজার, মহাখালী, মগবাজারসহ কিছু এলাকায় রাস্তায় পানি জমে যায়। কয়েকটি এলাকায় ভেঙে পড়েছে গাছের ডালপালা।
এর আগে আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এসময় বৃষ্টি হতে পারে ২শ থেকে ৪শ মিলিমিটার।
বৃষ্টির কারণে সুনামগঞ্জ ও সিলেটের হাওরাঞ্চলে নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা করেন আবহাওয়াবিদরা। সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৪ থেকে ৬ মিটার বৃদ্ধি পেতে পারে।
এমন অবস্থায় দ্রুত এসব এলাকার বোরো ধান কাটার তাগিদ দেয়া হয়েছে। সিলেটে হাওরাঞ্চলের বাঁধগুলো নিবিড় পর্যবেক্ষণও জরুরি বলছেন আবহাওয়াবিদরা।
এদিকে আগামী ৭ মে’র মধ্যে হাওরাঞ্চলের ধান কাটা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক। আগামী ৩০ এপ্রিলের মধ্যে হাওরের নিচু এলাকা এবং ৭ মে’র মধ্যে হাওরাঞ্চলের ধান কাটা শেষ হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
নয়াখবর/হাসান/এস
