অনশন ভাঙলেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী

নিউজ ডেস্কঃ

পবিত্র মাহে রমজান ও সরকারের আশ্বাসে অনশন সাময়িক সময়ের জন্য ভাঙলেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী ও অন্যান্য নেতৃবৃন্দ। করোনা পরিস্থিতিতে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের সরকারি সিদ্ধান্ত না আসায় তৃতীয় দিনেও নতুনধারা বাংলাদেশ এনডিবির অনশন চলাকালিন সময়ে বিভিন্ন প্রশাসনের কর্তারা এসে জানান, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি ভাবছেন, তিনি দ্রুত সিদ্ধান্ত জানাবেন।

নতুনধারা বাংলাদেশ এনডিবির অনশন ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান ছিলো। অনশনে নতুনধারা সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জাতীয় সাংস্কৃতিকধারার সহ-সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মো. শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্ম মাহে রমজান ও করোনাকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধির তীব্র নিন্দা জানাচ্ছে, একই সাথে বাড়ি সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের দাবী জানাচ্ছে। তা না হলে লকডাউন চলাকালিন সময়ে আবারো আরো বড় পরিসরে অনশনে বসতে বাধ্য হবে বাংলাদেশের রাজপথে থাকা লোভ মোহহীন নতুন প্রজন্ম-নতুনধারা। এদেশে স্বাধীনতার ৪৯ বছরে ৪১ টি নিবন্ধিত ও ৭৪ অনিবন্ধিত(নিবন্ধনের জন্য আবেদনকৃত) রাজনৈতিক দল থাকলেও জনগনের জন্য নিবেদিত থাকে কেবল নতুনধারা বাংলাদেশ এনডিবি, তা আবারো প্রমাণ হলো।

উল্লেখ্য, অনশনে অংশ নেয়া প্রায় সবাই না খেয়ে ৩ দিনের অনশনে অসুস্থ্য হয়ে পড়লে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।

Share Button