আন্তর্জাতিক ডেস্কঃ
কোনও অভিযোগ গঠন ছাড়াই এক বছরেরও বেশি সময় ধরে বন্দি থাকা এক রাজকুমারি সৌদি আরবের বাদশাহ ও যুবরাজের কাছে মুক্তির আবেদন জানিয়েছেন। নিজ স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করে রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ এই আবেদন জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি রাজ পরিবারের সদস্যদের এভাবে প্রকাশ্যে মুক্তি চাওয়ার ঘটনা বিরল।
৫৬ বছর বয়সী রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ ব্যবসায়ী এবং স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তার বাবা ছিলেন সৌদি রাজবংশের দ্বিতীয় বাদশাহ। তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা জানিয়েছেন, গত বছরের মার্চে সুইজারল্যান্ডে চিকিৎসার জন্য রওনা দেওয়ার আগে তাকে আটক করা হয়।
নিজের ভেরিফাডয়েড টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক চিঠিতে রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ লিখেছেন, ‘আপনারা হয়তো জেনে থাকবেন আমি বর্তমানে বিনা বিচারে আল হাই;র কারাগারে আটক আছি, আমার বিরুদ্ধে অপরাধ বা অন্য কোনও অভিযোগ নেই। আমার স্বাস্থ্যের অবনতি হচ্ছে আর এতে আমার মৃত্যুও হতে পারে। আমি কোনও চিকিৎসা পাচ্ছি না এমনকি এই চিঠি কারাগার থেকে রাজদরবারে পৌঁছানোর পরও আমাকে চিকিৎসা দেওয়া হয়নি।’
নিজের অসুস্থতার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ। তবে সৌদি আরবে করোনা মহামারির দ্রত বিস্তার ঘটতে থাকার মধ্যে মুক্তির আবেদন জানিয়েছেন তিনি।
সৌদি আরবে এখন পর্যন্ত ৬ হাজার ৩৮০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর এতে মৃত্যু হয়েছেন ৮৩ জনের। করোনা মহামারি রোধে বেশিরভাগ অঞ্চলে কারফিউ জারি করেছে সৌদি সরকার।
নয়াখবর/হাসান/এস
