পুনম শাহরীয়ার ঋতু:
গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। কিশোর কুমার (৩৫) নামের ওই এএসআই বর্তমানে একজন মন্ত্রীর গানম্যানের দায়িত্বে আছেন। তাঁর বাড়ি কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামে। নিহত যুবক মো. শহিদ (৩০) কালিয়াকৈরের পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুরের আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ মো. মঈন উদ্দিনও (৩২) একই এলাকার।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর কুমার, শহিদ ও মঈন পরস্পরের বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে কুতুবদিয়া এলাকার একটি পতিত জমিতে তাঁরা আড্ডা দিচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোর তাঁর কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদের বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে কিশোর পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শহিদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর গানম্যান কিশোর পলাতক। তাঁকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
