রাফিউল ইসলাম (রাব্বি),রংপুর
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রংপুর নগরীতে সান্ধ্য আইন জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। এই আইনে প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া নিত্য প্রয়োজনীয় সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এ নিয়ে নগরজুড়ে মাইকিং শুরু করা হয়েছে।
এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ জানান, মানুষকে ঘরবন্দি করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নানা ধরনের পরিকল্পনা বাস্তবয়ন করা হচ্ছে। কিন্তু প্রশাসনের উপস্থিতি পেলে সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়। আর চোখের আড়াল হলেই বেড়ে যায় মানুষের চলাচল।
তিনি বলেন, রংপুর নগরীর সব শ্রেণী-পেশার মানুষকে ঘরে থাকতে বিশেষভাবে অনুরোধ করে মাইকিং করা হচ্ছে প্রতি মুহূর্তে। মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় নগরীর ৩৩টি ওয়ার্ডে ভ্রাম্যমাণ দোকান স্থাপন করা হয়েছে।
নয়াখবর/হাসান/এস
