পাটগ্রাম পৌরসভার ড্রেন যেন ময়লার ভাগাড়!

 

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।পরিষ্কার- পরিচ্ছন্নতার কারণে ড্রেন নির্মাণ করা হলেও বর্তমানে ড্রেনটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ। ড্রেন অপরিষ্কার থাকায় দুর্গন্ধে বসবাস করতে হচ্ছে পৌরবাসীকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার জুম্মাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনে পড়ে রয়েছে ময়লার স্তূপ।ড্রেনে নেই কোনো ঢাকনা। পথচারী ও এলাকার লোকজন মুখ ঢেকে চলাচল করছে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফাতেমা বেগম ও জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের এলাকায় ড্রেনগুলো দীর্ঘদিন ধরে অপরিষ্কার রয়েছে। এর ফলে দুর্গন্ধে বাড়িতে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ড্রেনে ঢাকনা না থাকায় কয়েক বার এলাকার ছোট শিশুরা ড্রেনে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।দ্রুত ড্রেন সংস্কার না হলে মশা উৎপাদনের খামারে পরিণত হবে এবং ডেঙ্গু মহামারি রূপ ধারণ করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

পাটগ্রাম পৌরসভার মেয়র মো. শমসের আলী এ বিষয়ে বাংলাদেশের আলোকে জানান, ওই এলাকার ড্রেনটি অনেক পুরনো এবং পুরোটা পাকা নয়। কাঁচা ড্রেনে কোথাও কোথাও গাছের পাতা পড়ে ভরাট হয়ে যায়। ড্রেন নির্মাণে টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে,এর পরে আর সমস্যা থাকবে না।তার পরও বর্তমান সময়ে করোনা আতঙ্কে ড্রেনে নিয়মিত জীবাণুনাশক স্প্রে কর হচ্ছে।

নয়াখবর/হাসান-/এস

Share Button