বুড়িমারী স্থলবন্দর দিয়ে এলো ৬২ ট্রাক পাটবীজ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ
ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে ভিতরে আটকে থাকা বাংলাদেশের ৬২টি পাটবীজের ট্রাক অবশেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আমদানি হয়েছে। এতে প্রায় ১৪দিন পর ১২শ মেট্রিকটন ওজন পাটবীজ আমদানি হয়।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ডিডি) মাহফুজুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এর আগে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা দিলে এতে আটকে যায় পাট বীজের ৬২ট্রাক।
জানা গেছে, দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে হঠাৎ করে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সিদ্ধান্ত নেয় ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এতেই কৃষিজ পণ্যসহ পাটবীজের ৬২টি পণ্য বোঝাই ট্রাক ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর এলাকায় আটকে যায়। পরে জরুরী বৈঠক করে আটকে থাকা ট্রাক গুলো বিশেষ ব্যবস্থায় দেশে আনা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী তাহাজুল ইসলাম মিঠু বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে আমদানি করা পাটবীজ গুলো খালাস করা হয়েছে। এখন এসব বীজ দ্রুত সরবরাহ করা হবে। যেন পাটবীজ কৃত্রিম সংকট দেখিয়ে কেউ বাজার অস্থিতিশীল করতে না পারে। সেই দিকে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও সজাগ থাকতে হবে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) সোমেন কুমার চাকমা বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ের এক আদেশ পেয়ে জরুরী বৈঠক করে শনিবার এই স্থলবন্দরের ওপারে ভারতে আটকে থাকা পাটবীজ গাড়ী গুলো আনা হয়েছে।
নয়াখবর/হাসান/এস
Share Button