রাফিউল ইসলাম (রাব্বি), রংপুর:
করোনাভাইরাস সংক্রমণের বিস্তৃতি ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় এবং হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু নির্দেশ উপেক্ষা করে রাস্তাঘাট, বাজার কোথাও জনসমাগম যেন থামছেই না।
এবার জনসমাগম ঠেকাতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে নড়েচড়ে বসেছে প্রশাসন।
গতকাল গণমাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে একটি বার্তা পাঠানো হয়।
এবং স্পষ্ট ভাবে জানানো হয় সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর হচ্ছে সেনাবাহিনী।
এ ঘোষণার পর রংপুরে ব্যাপক তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল রাত থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তৎপরতা চালায়। গতকাল রাস্তায় যান চলাচল ও জনসমাগম বৃদ্ধি পেলেও আজকে জনসমাগম অনেকাংশে কমে গেছে। সুনসান নিরবতা রংপুরের রাস্তায়।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রংপুর মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে। টহল বাড়িয়েছে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা।
দুপুরে নগরীর কাচারী বাজার, জাহাজ কোম্পানী মোড়, সিটি বাজার, পায়রা চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে পুলিশের চেকপোস্ট দেখা গেছে।
এ সময় গাড়ি আটকিয়ে অথবা পথচারীদের জেরা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং করোনা প্রতিরোধে এবং সংক্রমণ এড়াতে সরকারি বিধি নিষেধ মানার জন্য আহ্বান করেন তারা।
সেনাবাহিনী, র্যাব ও পুলিশের এমন কঠোর তৎপরতায় শহর এলাকায় জনসমাগম কমে গেছে ঠিকই কিন্তু গ্রাম অঞ্চলের হাট-বাজারগুলোতে তেমন জনসমাগম কমছে না। এজন্য গ্রাম অঞ্চলের বাজারগুলোতে টহল জোরদার করবার দাবি বিশিষ্টজনদের।
নয়াখবর/হাসান/এস-
