ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারিচালিত অটো রিক্সা উল্টে ৭ জন এসএসসি পরিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জনের অবস্থা শঙ্কাজনক না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয় পত্র পরিক্ষা শেষে বাড়িতে ফেরার সময় শাহবাজাের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত পরিক্ষার্থীরা হলেন, বড়ভিটা এলাকার আব্দুল হামিদের মেয়ে হালিমা আক্তার, আব্দুল্লাহ মিয়ার মেয়ে ঋজিতা আক্তার, একরামুলের মেয়ে সালমা আক্তার, নাসির উদ্দিনের মেয়ে নিতু আক্তার, সামিউল ইসলামের মেয়ে শারমিন আক্তার, আরডিআরএস বাজার এলাকার হাছেন আলীর ছেলে মোঃ লেবু মিয়া। তারা সকলেই বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) কেন্দ্রে পরিক্ষা দিচ্ছে।
আহত শিক্ষার্থীরা জানায়, তারা পরিক্ষা শেষ করে বড়ভিটা এলাকার গোলাম মোস্তফার অটো রিজার্ভ করে বাড়ি ফিরতেছিলো। শাহবাজারের কাছাকাছি বেপরোয়া গতিতে আসা আরেকটি অটো রিক্সাকে সাইট দিতে গিয়ে তাদের অটো রিক্সাটি খাদে পড়ে উল্টে যায়। এতে অটো রিক্সা থেকে পড়ে তারা আহত হয়। অটোরিক্সায় থাকা ব্যাটারির এসিড শরীরে পড়ে আরও গুরুতর হয় তারা।
ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) কেন্দ্র সচিব কানাই চন্দ্র হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়েছেন। তিনি জানান অনিয়মতান্ত্রিক যান চলাচল আর চালকদের অদক্ষতার কারনেই প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা ঘটতেছে। সরকারি-বেসরকারি যেকোনো উদ্যোগে চালকদের নিয়মের আওতায় আনা জরুরী হয়ে পড়েছে।
