রংপুরে শিবির কর্মী সন্দেহে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মো. রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরে শিবির কর্মী সন্দেহে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান নামে এক ছাত্রলীগের পদধারী নেতাসহ পাঁচজনকে আটক করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রংপুর মহানগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তারা মাসুদুর রহমানের বাসায় গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইলসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বই, ব্যানার, পোস্টার ও লিফলেট উদ্ধার হয়েছে বলে জানানো হয়।এদিকে শিবির সন্দেহে আটক এই পাঁচজনের মধ্যে একজন মেহেদী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদধারী নেতা। সে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

বিষয়টি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া মুঠোফোনে নিশ্চিত করে বলেন, মেহেদী হাসান ছাত্রলীগের পদধারী নেতা। সে নিয়মিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে বলেও জানান তিনি। কিছুদিন আগে তার বাবা এবং মা মারা যাবার পর টিউশনির কারনে মেহেদী নগরীর দেওডোবার একটি মেসে থাকতেন বলে জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় কোতয়ালী থানায় প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন-আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার, সহকারি পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) জমির উদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ প্রমুখ।

Share Button