রংপুর জেলা আ.লীগের সদস্য হলেন জয়

মো. রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

নিজ উপজেলা পীরগঞ্জের পর নিজ জেলা রংপুর জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য হলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। আজ মঙ্গলবার রংপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ঘোষণা করা হয়।

১৩ বছর পর ২৬শে নভেম্বর রংপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। এতে, জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মমতাজ উদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল করিম রাজু। এছাড়া রংপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাফিউর রহমান সাফি এবং সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

এর আগে, গেল ১১ই নভেম্বর পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে আজিজুর রহমান রাঙ্গাকে সভাপতি ও মিয়া মো. তাজিমুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক এবং সজীব ওয়াজেদ জয়কে কমিটিতে এক নম্বর সদস্য করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

Share Button