কুড়িগ্রাম ব্যুরো:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গত দুইমাসে ভারতীয় ১৮০টি গরু আটক করেছে বিজিবি।
৩৫, বিজিবি জামালপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ জানান, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আওতাধীন বিজিবি’র বিওপি সমূহ বিশেষ করে সাহেবের আলগা, দাঁতভাঙ্গা, গয়তাপাড়া, মোল্লারচর বিওপি কর্তৃক গত দুই মাসে (অক্টোবর এবং নভেম্বর ২০১৯) বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু প্রবেশকালে ১৮০টি ভারতীয় গরু আটক করা হয়।যার আনুমানিক মূল্য ৪৭লাখ ৯০ হাজার টাকা। আটককৃত গরুগুলি রৌমারী শুল্ক অফিসে জমা করা হয়েছে।
সীমান্তে মাদক, গবাদিপশু এবং সকল ধরণের চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি। চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠায় সীমান্তে গোয়েন্দা নজরদারীসহ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
