স্বপন দাস বিজয়ঃ
আবারও গাইলেন গীতিকার ও সুরকার প্লাবন কোরেশীর কণ্ঠে নতুন গান ‘ভালোবাসার নাম নেবো না মুখে’। এবার নিজের লেখা গান গাইছেন না তিনি, যদিও গানটিতে সুর করেছেন শিল্পী নিজেই। মডার্ন ফোক ঘরানার এই গানটি লিখেছেন তরুন গীতিকার ফকির হযরত শাহ আর গানটির সঙ্গীতায়োজনে রয়েছেন রিয়েল আশিক।
অন্যের লেখা নিয়ে প্লাবন কোরেশী বলেন, আমি যখন কারও জন্য লিখি বা সুর করি, তখন আমি গীতিকার বা সুরকার। কিন্তু গাইতে গেলে আমি গায়ক। যে কারও লেখায় গাইতে আমার আপত্তি নেই, যদি তা আমার পছন্দ হয়। আবার এটাও সত্যি, সবার লেখা গান কন্ঠে দিব না কখনোই। কারণ, অনেকেই গান লিখতে আসেন, কিন্তু সবাই গীতিকার নন।
গীতিকার নিয়ে তিনি বলেন, যে মানুষ অন্তরদৃষ্টি মেলে গানের বাণী আর ভাবের সমন্বয় করতে জানেন, প্রকৃতপক্ষে তিনিই গীতিকার। আপনি হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা, আর নিয়ম নীতির কথা বলবেন। এই নিয়মনীতি রপ্ত করা কারও-কারও কাজ বটে, কেউ আবার নিয়ম তৈরিতে সিদ্ধহস্ত। নির্ভর করে আপনি কতোটা গভীরে গেলেন বা যেতে পারলেন। হাঁটতে গেলেও একটা নিয়মে হাঁটা লাগে। তারপরও বলবো, কোনো প্রতিষ্ঠান কবি বা গীতিকার তৈরি করতে পারে না। কবিরা তৈরি হয়ে আসেন।
ফকির হযরত শাহ সম্পর্কে এ শিল্পী বলেন, তার বেশ কিছু গান আমি সুর করেছি। গাইলাম এই প্রথম। এটা তার শুরুর সময়। তাই বেশি কথা না বলাই ভালো। কাউকে মূল্যায়ন করতে হলেও তার ধারাবাহিক কাজকর্মের একটা তালিকা করে গবেষণা করতে হয়। সেসময় এখনো আসেনি। শুধু এইটুকু বলবো, লেগে থাকলে হজরত শাহ ভালো করবে।
বিভিন্ন ধারার গান নিয়ে তিনি বলেন, সব ধরণের গানই তো গান। গানে সারাদিন শুধু তত্ত্বকথা লাগাতে হবে, এমনও নয়। আমাদের সাধারণ আবেগ-অনুভূতির কথাও তো থাকবে।
নিজের কাজ নিয়ে তিনি বলেন, প্রতিদিন কাজ করি। অনেক গান করা আছে। তবে আসিফ আকবর,ইমন খান,বেলাল খানের নতুন কিছু গানের প্রকাশের অপেক্ষায় আছে। যে কোনো দিন এ গানগুলো রিলিজ হতে পারে।
উল্লেখ্য, ‘ভালোবাসার নাম নেবো না মুখে’ গানটির ভিডিও পরিচালক করেছন সাইফুল ইসলাম আর এটি প্রকাশ করবে ইউটিউব চ্যানেল আবর্তন মিডিয়া।
