গাজীপুরে ৪ মাদক কারবারি আটক

পুনম শাহরীয়ার ঋতুঃ

গাজীপুর মহানগরীর সদর থানাধীন চত্বর এলাকা থেকে ২২০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বুধবার (৩০ অক্টোবর) লেফটেন্যান্ট কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টায় গাজীপুর সদর থানাধীন চত্বরের পুকুরের পার্শ্ববর্তী দক্ষিণ পাড়ে টিনের ছাপরা ঘরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন- গাইবান্ধা সাদুল্যালপুরের ইসবপুর এলাকার প্রয়াত আব্দুল জব্বার ছেলে মো. শফিউল আলম (৪৫), রংপুরের হাতীবান্ধা থানার উত্তর জাউরানী এলাকার প্রয়াত আবতর আলীর ছেলে মো. হানিফ মিয়া (৩২), চাঁদপুরের ফরিদগঞ্জের দেইচর এলাকার মো. শফিউল্লাহর ছেলে মো. আল আমিন হোসেন (৩৩), পঞ্চগড়ের ভোদা থানার বানিয়াপাড়া এলাকার প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে মো. নুরুন্নবী (৪৯)।

প্রেস রিলিজে জানা যায়, আসামিদের কাছ থেকে ২২০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৫৫ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা গাঁজার কারবারের কথা স্বীকার করে। আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

Share Button