আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার(৩০অক্টোবর)সকালে ধনবাড়ী উপজেলার রূপশান্তি মসজিদ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সকালে টাঙ্গাইল-জামালপুর সড়কে ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী উপজেলা সদরের রূপশান্তি মসজিদ মোড়ে আসলে এর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পার্শ্ববর্তী পুুকুরে নেমে যায়। এই ঘটনায় বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। তারা হলেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মালা (২৪), মজিদ (৪৫), কদ্দুস (৫৬), হাবেল (২৮), ও মরিয়ম (৩১)।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
