রংপুর – ৩ পল্লীবন্ধুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের দফতর সম্পাদক আবদুল সোবহান গোলাপ।

এ সময় রংপুর-৩ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান ও রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনারুল ইসলাম।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুল সোবহান গোলাপ বলেন, জাতীয় নির্বাচনে রংপুর-৩ আসনে আমাদের জোট শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়েছিল। যার ফলে গত নির্বাচনে মাত্র ১৪-১৫ টি মনোনয়ন বিক্রি হয়েছিল। কিন্তু এবার উপনির্বাচনে অনেক বেশি মনোনয়ন বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

গত রোববার ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ হবে ৫ অক্টোবর।

Share Button