রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন মারা গেছেন

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন মারা গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

রোববার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মোজাফফর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু।

তিনি জানান, রোববার বিকেলে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভাসহ দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতি মোজাফফর হোসেন অংশ নিয়েছিলেন। দলীয় কার্যালয় থেকে সন্ধ্যায় বাসা ফেরার পর হৃদরোগে আক্রান্ত হলে তাকে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, রংপুরের বর্ষিয়ান এই রাজনীতিকের মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও শোকাহত।

তার মৃত্যুর খবর পেয়ে বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা শোকসন্তপ্ত পরিবারের পাশে ছুটে যান। এ সময় তারা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Share Button