রংপুরে গণধর্ষণ মামলায় দুই যুবক গ্রেফতার

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের পীরগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মিলনপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান, মিলনপুর গ্রামে অভিযান চালিয়ে ওই দুই ধর্ষককে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত বুধবার শুনানির দিন ধার্য করে।

তিনি আরো জানান, তদন্ত করে বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শুক্রবার রাতে ওই কিশোরী বাড়ির পিছনে টিউবওয়েলে পানি আনতে গেলে আগে থেকে সেখানে ওত পেতে থাকা আলমগীর ও রুবেল তার মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যায়।

পানি আনতে দেরি দেখে ওই কিশোরীর পরিবার তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে বাড়ির পাশের নারকেল গাছ থেকে হাত পা বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে, পরের দিন কিশোরীর বাবা দুইজনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন।

Share Button